1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক | সংবাদ পোস্ট

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে প্রথমবারের মতো কনসার্ট করতে গিয়ে ব্যাপক সাড়া পেয়েছে বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। দেশটির রাজধানী লিমায় তিনটি কনসার্টে অংশ নিয়ে দলটি টেনেছে ১ লাখ ৫১ হাজার ৫০০ দর্শক। ভক্তদের বিপুল চাহিদায় নির্ধারিত দুটি কনসার্টের পাশাপাশি আয়োজন করা হয় আরও একটি পরিবেশনা। তিনটি কনসার্টের সব টিকিটও বিক্রি হয়ে যায়।

বিটিএসের ‘অ্যারিরাং’ ট্যুরের অংশ হিসেবে ৭, ৯ ও ১০ অক্টোবর লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে কনসার্টগুলো অনুষ্ঠিত হয়। প্রিয় শিল্পীদের সরাসরি দেখতে স্টেডিয়ামে ভিড় করেন হাজারো ভক্ত। পুরো আয়োজনজুড়ে গান, করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে দর্শকপূর্ণ স্টেডিয়াম।

স্প্যানিশ ভাষায় ভক্তদের ভালোবাসা জানালেন সদস্যরা

কনসার্টে বিটিএসের সদস্যরা কয়েকবার স্প্যানিশ ভাষায় কথা বলেন। ভক্তদের উদ্দেশে ‘লস আমোস’ বলে ভালোবাসা প্রকাশ করেন তাঁরা, যার অর্থ ‘আমি তোমাদের ভালোবাসি’। দর্শকদের বিপুল উচ্ছ্বাস দেখে পেরুতে আরও আগে কেন আসেননি, সে বিস্ময়ের কথাও জানান শিল্পীরা।

জিমিনের জন্মদিন ঘিরে ভক্তদের ব্যতিক্রমী আয়োজন

১৩ অক্টোবর বিটিএস সদস্য জিমিনের জন্মদিন। তাঁকে ঘিরে লিমায় বিশেষ আয়োজন করেন ভক্তরা। ডিজিটাল বিলবোর্ড, সড়কের ব্যানার, এলইডি পর্দাসংবলিত ট্রাক এবং ড্রোন শোর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁরা।

রাতের আকাশে ড্রোনের আলোয় ফুটে ওঠে জিমিনের নাম, জন্মদিনের ছবি এবং ভালোবাসার বার্তা। লিমায় বিটিএসের শেষ কনসার্টে বিদায়ী বক্তব্যের সময়ও ভক্তরা জিমিনের জন্য জন্মদিনের গান গেয়েছেন এবং তাঁর নাম ধরে স্লোগান দিয়েছেন।

ভক্তদের ভালোবাসা ও সমর্থনে আবেগাপ্লুত জিমিন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পৃথিবীর অন্য প্রান্ত থেকে পাওয়া এই ভালোবাসা সব সময় মনে রাখবেন বলেও জানান তিনি।

কনসার্ট ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা

বিটিএসের কনসার্টকে কেন্দ্র করে লিমার পর্যটন ও ব্যবসা খাতে বাড়তি অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রত্যাশা করা হচ্ছে। পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী, অনুষ্ঠান উপলক্ষে ৫০ হাজারের বেশি দর্শনার্থী রাজধানীতে আসতে পারেন। তাঁদের উপস্থিতিতে পর্যটন খাতে প্রায় ১ কোটি ৮৭ লাখ ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড হতে পারে বলে ধারণা করা হয়েছিল।

অন্যদিকে, লিমা চেম্বার অব কমার্সের হিসাব অনুযায়ী, হোটেল, খাবার, পরিবহন, পর্যটন ও স্মারক পণ্য বিক্রিসহ বিভিন্ন খাতে ব্যয়ের মাধ্যমে ১৫ কোটি থেকে ২০ কোটি পেরুভিয়ান সলের অর্থনৈতিক কর্মকাণ্ড হতে পারে। ডলারে এর পরিমাণ আনুমানিক ৪ কোটি ৩৫ লাখ থেকে ৫ কোটি ৮০ লাখ।

ভক্তদের ব্যক্তিগত পরিসর রক্ষার আহ্বান আরএমের

পেরু সফরের আগে বিটিএস নেতা আরএম ভক্তদের হোটেলের বাইরে ভিড় না করার অনুরোধ জানিয়েছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হলে তিনি স্পষ্ট করেন, তাঁর বক্তব্য শুধু পেরু বা লাতিন আমেরিকার ভক্তদের উদ্দেশে ছিল না। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং এশিয়াতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে উল্লেখ করেন তিনি।

আরএমের ভাষ্য অনুযায়ী, কিছু ভক্তের আচরণ শিল্পীদের ব্যক্তিগত পরিসরের সীমা অতিক্রম করছে। সদস্যদের হোটেলকক্ষের ওপর ড্রোন ওড়ানো এবং তাঁদের দিকে লেজার আলো তাক করার মতো ঘটনাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ভক্তদের জাতীয়তা বা মহাদেশের ভিত্তিতে আলাদা করে দেখার বিরোধিতা করেন বিটিএস নেতা।

পরবর্তী গন্তব্য চিলি

লিমা সফর শেষে বিটিএসের পরবর্তী গন্তব্য চিলির রাজধানী সান্তিয়াগো। ১৫ থেকে ১৭ অক্টোবর সেখানে কনসার্ট করার কথা রয়েছে দলটির। এরপর আর্জেন্টিনার বুয়েনস এইরেস ও ব্রাজিলের সাও পাওলোতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

পেরুতে প্রথম সফরেই বিপুল দর্শকসমাগম, ভক্তদের ব্যতিক্রমী আয়োজন এবং কনসার্ট ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা—সব মিলিয়ে বিটিএসের লাতিন আমেরিকা সফর পেয়েছে বিশেষ গুরুত্ব।

সূত্র: প্রথম আলো, কোরিয়া হেরাল্ড অবলম্বনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )