মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
সংবাদ পোস্ট
-
প্রকাশ কাল:
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
-
১২
জন দেখেছেন
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

গুঁড়িয়ে দেওয়া অবকাঠামো পুনর্নির্মাণের কাজ চলছে। মিরপুরে রাড্ডা সেন্টারে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে তাঁর পদত্যাগ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।
পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ মিষ্টি লিখেছেন, তিনি সম্পূর্ণ ‘সজ্ঞানে ও স্বেচ্ছায়’ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে এর বাইরে কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাঁকে পদত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছিল বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে।
পাঁচ মাসের মধ্যেই সংসদ সদস্য পদ ছাড়লেন
বিএনপির মনোনয়নে ফেরদৌসী আহমেদ মিষ্টি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের সদস্যদের গেজেট প্রকাশ করা হয় এবং ৩ মে তাঁরা শপথ নেন। অর্থাৎ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাসের মধ্যেই পদত্যাগ করলেন তিনি।
ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির প্রয়াত নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বোন। তিনি এর আগে স্থানীয় সরকার ও বিএনপির মহানগর রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০২ সালে স্বামী নিউটন নিহত হওয়ার পর মিরপুরের ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কমিশনার নির্বাচিত হন।
শূন্য আসনে উপনির্বাচন
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য হয়েছে। আইন অনুযায়ী, সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংরক্ষিত নারী আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন করার বিধান রয়েছে।
নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, এই উপনির্বাচনে ভোটার হবেন সংশ্লিষ্ট দল বা জোটের সংসদ সদস্যরা। ফলে মিষ্টির ছেড়ে দেওয়া আসনটি পূরণের প্রক্রিয়ায় বিএনপির সংসদ সদস্যরাই ভোট দেবেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
এ বিভাগের আরো খবর