বিনোদন ডেস্ক: শীতকাল আসন্ন। এ সময় একসঙ্গে মুক্তি পাওয়ার কথা শাহরুখ খানের ‘ডাংকি’ ও প্রভাসের ‘সালার’ সিনেমা দুটি। যদিও বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের মত, বড় বাজেটের সিনেমা দুটি একসঙ্গে মুক্তি দেওয়া সম্ভব না। এতে উভয়ই ছবিই আর্থিক ক্ষতির মুখে পড়বে। সেটি হতে পারে ৩০ শতাংশ পর্যন্ত।
এমন শঙ্কায় আনুষ্ঠানিক কোনো ঘোষণা শোনা না গেলেও কানাঘুষা হচ্ছে, ‘ডাংকি’র মুক্তি পিছিয়ে দেওয়া হবে। মুক্তি দেওয়া হবে ২০২৪ সালে। বর্তমানে এই ছবির পোস্ট প্রোডাকশন কাজ চলছে বলেই মনে করা হচ্ছে। যদি পুরো কাজ সময়ে শেষ হয়ে যায় তাহলে নির্ধারিত সময়ই মুক্তি পেতে পারে।
লেটস সিনেমা নামের একটি ভারতীয় পোর্টালের তরফে জানানো হয়েছে, শাহরুখ খানের ছবিটির মুক্তি পিছিয়ে যেতে পারে। যদি সত্যি সেটা হয়, তাহলে ‘সালারে’র জন্য যে সেটা খুশির খবর সেটা বলাই যায়।
একেই ডিসেম্বর মাসে একগাদা বিগ বাজেট ছবি মুক্তি পাবে হিন্দি-বাংলা মিলিয়ে। তবে যদি ‘ডাংকি’ ও ‘সালার’ একসঙ্গে মুক্তি পায় তাহলে যে ধুন্ধুমার একটা ব্যাপার হবে সেটা বলাই যায়।
রাজকুমার হিরানি এই ছবির পরিচালনা করেছেন। এই প্রথম তিনি এবং শাহরুখ একসঙ্গে কাজ করছেন। এখানে শাহরুখের বিপরীতে তাপসী পান্নুকে দেখা যাবে।