বিপিএলে সিলেট পর্বে প্রথমে ব্যাট করে তামিম ইকবালের ফরচুন বরিশালকে ১৫৬ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল খুলনা টাইগার্স।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৫ রান সংগ্রহ করে খুলনা। ফলে জয়ের জন্য ১৫৬ রান করতে হবে বরিশালকে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা।
ইনফর্ম এনামুল হক বিজয়কে দ্রুতই সাজঘরে পাঠিয়ে দেয় বরিশাল। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে টাইগার্স অধিনায়ককে বোল্ড করেন আকিফ জাভেদ। সাজঘরে ফেরার আগে বিজয়ের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ১২ রান।
তিনে নেমে সুবিধা করতে পারেননি হাবিবুর রহমান সোহান।
৭ বল খেলে করতে পেরেছেন কেবল ২ রান। সোহানের মতৈ এদিন ব্যর্থ ছিলেন মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ও দাসুন শানাকারা। ফলে ৮৮ রান তুলতেই সাজঘরে ফেরেন সাত ব্যাটার।
তবে অষ্টম উইকেট জুটিতে ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ মিলে যোগ করেন ২৪ বলে ৬৭ রান।
ফাহিম ১৩ বলে করেছেন ৩২ রান। আর নাওয়াজ অপরাজিত ছিলেন ২৩ বলে ৩৮ রান করে।
বরিশালের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম ও শোয়েব মালিক।