সংবাদ পোস্ট ডেস্ক: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধে সিরাজগঞ্জে মহাসড়কে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এসময় আরও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঔল অভার ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে কামারখন্দের ঝাঐল এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকারী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির কেবিন পুরে গেছে। এর আগে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
পণ্যবাহী ট্রাকের চালক ও সহকারী জানান, ঢাকা থেকে ফিড নিয়ে আমরা রাজশাহী যাচ্ছিলাম। ঝাঐল পৌঁছলে ৮-১০ জন অবরোধকারী ঢিল ছুড়তে থাকে। পরে পেট্রোলের বোতল দিয়ে ভেতরে আগুন ধরিয়ে চলে যায়।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলম জানান, আগুন দেওয়া ট্রাকটির সামনের কেবিন সামান্য ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।