স্পোর্টস ডেস্ক: ভারত বিশ্বকাপ যেন রেকর্ডের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। দ্রুততম শতকের রেকর্ড তো এই বিশ্বকাপেই দুইবার হলো আর ভাঙল। দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড কিংবা সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ডও ভাঙতে দেখা গেছে এবারের বিশ্বকাপে।
এবার ভাঙল এক বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটাও। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে ইনিংসের ১১তম ওভারের প্রথম বলেই ভাঙে ছক্কার রেকর্ড।
এতদিন এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ধরে রাখে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ২০১৫ বিশ্বকাপের আসর। সেবারের আসরে ৪৬৩টি ছক্কা মারেন ব্যাটাররা।
আজ তানজিম হাসান সাকিবকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ২০১৫ বিশ্বকাপের রেকর্ড ছাড়িয়ে দেন লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস।
২০১৫ বিশ্বকাপে ৪৬৩টি ছক্কা নিয়ে এখন দুই নম্বরে। তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকায় ২০০৭ বিশ্বকাপ (৩৭৩টি ছক্কা)। চার নম্বরে রয়েছে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপের আসর (৩৫৭টি ছক্কা)।