নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রাম থেকে বিএনপি জামায়াতের ১১ জন নেতাকর্মী আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনগতরাতে এলাকায় পিকেটিং ও নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করতে গোপন করছিল তারা। এসময় পুলিশ উপস্থিতি টের পেয়ে ককটেল বোমার বিস্ফোরণ করে পালানোর সময় তাদের আটক করে পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, বৃহস্পতিবার দিনগতরাতে গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারে, থানা এলাকায় পিকেটিং ও নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত করাসহ সরকারি স্থাপনা ধ্বংস, জনসাধারণের জানমালের ক্ষতির উদ্দেশ্যে অবৈধ অস্ত্র গুলি, বোমাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে। এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এসময় আকস্মিকভাবে ককটেল বোমার বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় ১১ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মী আটক করে।
আটকরা হলেন, জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর উত্তরপাড়ার বজলুল হকের ছেলে মহাবুল হক (৫৫), কামালপুর চরপাড়ার মৃত হাজী মোজাম্মেল মন্ডলের ছেলে সাইদুর রহমান ওরফে শাকের (৫৫), জহরুল নগরের মৃত আবুল হোসেনের ছেলে ইমাদুল হক ওরফে একদুল(৫৫), বুড়াপাড়া আসাদুল হকের ছেলে সাগর রহমান (৩৬), বলেশ্বর পুর গ্রামের মৃত নুর মোহাম্মদ বিশ্বাসের ছেলে সাইফুর রহমান (৪৪), টাকপাড়া গ্রামের মৃত শাহাদৎ হোসেন মল্লিকের ছেলে আনোয়ার হোসেন মল্লিক(৪৫), ঘোলদারি পাইকপাড়া গ্রামের মৃত আওলাদ আলী মন্ডল এর ছেলে আব্দুল ওহাব মাস্টার(৫৮), চরশ্রীরামপুর গ্রামের মৃত জোয়াদ আলী মন্ডলের ছেলে মঈন উদ্দিন (৫৮), কয়রাডাঙ্গা মাঝের পাড়ার মৃত আজিজুল হকের ছেলে আলমগীর হোসেন (৪৫), নারায়ণপুর গ্রামের মৃত আইজুদ্দিন শেখের ছেলে তাহাজ উদ্দিন (৫০) ও একই গ্রামের মৃত মতলেবের ছেলে নাকিবুদ্দিন আহমেদ(৪৭)।
এসময় ঘটনাস্থল থেকে ৮ টি বোমা সাদৃশ্য বস্তু এবং তৈরির সরঞ্জাম ও ২২টি বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ।