সংবাদ পোস্ট প্রতিবেদক: আগামী শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করবে বিএনপি। এনিয়ে তাদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছে দলটি। বসে নেই আওয়ামী লীগও। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই সমাবেশে করবে তারা।
স্থান পরিবর্তনে পুলিশের আহ্বানের জবাবে চিঠিতে ক্ষমতাসীন দলটি বলছে, সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন স্বল্প সময়ের মধ্যে সমাবেশের ভেন্যু পাল্টানো দুরূহ।
পুলিশের দেওয়া চিঠির জবাবে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন দলের অবস্থান জানান।
এর আগে বুধবার (২৫ অক্টোবর) রিয়াজ উদ্দিনের কাছে বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য চেয়েছিল পুলিশ।
পুলিশকে আওয়ামী লীগ জানিয়েছে, ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সকল প্রস্তুতি সম্পন্ন। অল্প সময়ের মধ্যে অন্য কোথাও সমাবেশের ভেন্যু করা দূরূহ।
ওই দিন সমাবেশ সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হবে। সমাবেশে দুই লাখ লোক সমাগম হতে পারে বলে ক্ষমতাসীন দল জানিয়েছে।
নয়াপল্টনেই মহাসমাবেশ করব, পুলিশের চিঠির জবাবে বিএনপিনয়াপল্টনেই মহাসমাবেশ করব, পুলিশের চিঠির জবাবে বিএনপি
এদিকে ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েরর সামনে মহাসমাবেশের বিষয়ে অনড় বিএনপি। পুলিশের দেওয়া চিঠির জবাবে দলটি বলেছে, তারা নয়াপল্টনেই মহাসমাবেশ করবে। তাদের সকল প্রস্তুতি সম্পন্ন। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব না।
একই দিনে শাপলা চত্বরে মহাসমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের ভারপ্রাপ্ত আমীর মুজিবুর রহমান।