স্পোর্টস ডেস্ক: চলতি বিশকাপে পঞ্চম ম্যাচ খেলতে নেমেছে ভারত। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
চলতি আসরে এর আগে চার ম্যাচ খেলে দুই দল একটিও হারেনি। আজ পঞ্চম জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে কিউইদের ব্যাটিং লাইন-আপ। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে মোহাম্মদ সিরাজের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ডেভন কনওয়ে।
এরপর ইনিংসের নবম ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন আসরে প্রথম ম্যাচ খেলতে নামা মোহাম্মদ শামি। প্রথম ওভার করতে এসে প্রথম বলেই উইকেট নিয়েছেন এই পেসার। তাতেই ছাড়িয়ে গেছেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলেকে।
বিশ্বকাপে ভারতের পক্ষে এতদিন তৃতীয় সর্বোচ্চ ৩১ উইকেটের মালিক ছিলেন যৌথভাবে কুম্বলে ও শামি। তবে আজ ড্যারেল মিচেলকে বোল্ড করে কুম্বলেকে টপকে গেছেন শামি।
১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিশ্বকাপে ১৮টি ম্যাচ খেলে ৩১ উইকেট নেন কুম্বলে। তবে কুম্বলেকে টপকাতে শামির লেগেছে মাত্র ১২ ম্যাচ। বিশ্বকাপে একবার চার উইকেট নিয়েছিলেন কুম্বলে। তবে শামি এখন পর্যন্ত ৩ বার চার উইকেট নেওয়ার সঙ্গে একবার ৫ উইকেটও নেন।
ভারতের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ৪৪ উইকেটের মালিক জহির খান, তিনি খেলেছিলেন ২৩টি ম্যাচ। দুই নম্বরে থাকা জাবাগল শ্রীনাথও ৪৪ উইকেট নেন, তবে সেটি ৩৪ ম্যাচে (৩৩ইনিংস)।