ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, ফেনী, সিলেট ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জেলার ঠিকানা ব্যবহার করে ২২টি অনুমোদনবিহীন ব্র্যান্ডের চা প্যাকেটজাত করা হচ্ছিল চট্টগ্রামের চাক্তাইয়ের এক কারখানায়।
রোববার নিজাম টি হাউজ নামের ওই কারখানায় গিয়ে এমন প্রমাণ পেয়েছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।
চাক্তাই বাজারের কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়া অনুমোদনহীন ব্র্যান্ডে চা প্যাকেটজাত করে দীর্ঘদিন ধরে বাজারজাত করছে-এমন তথ্য পেয়ে এ অভিযান চালানোর কথা জানান বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
তিনি বলেন, “এসময় চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, অনুমোদনহীন চা ব্র্যান্ড ও নকল প্যাকেট ব্যবহার এবং চা ক্রয়ের বৈধ কাগজপত্র না থাকায় শহরের চাক্তাই এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।”