ঘরের মাঠে শেষ ৪১ ম্যাচে একটির বেশি হারের মুখ দেখেনি ফিলাডেলফিয়া। তবে নিজেদের মাঠে দুর্দান্ত প্রতাপে থাকা ফ্লোরিডার দলটিকে মাটিতে নামতে হলো লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির কাছে বিধ্বস্ত হয়ে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা তারকাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল ইন্টার মায়ামির। কিন্তু সেই বাধা দূর করে মাঠে নেমে দলকে জয়ের বন্দরে নোঙর গাড়লেন লিওনেল মেসি।
বুধবার (১৬ আগস্ট) ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের সুবারু পার্কে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচে টাটা মার্টিনোর শিষ্যরা ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। মায়ামির হয়ে গোল করেন জোসেফ মার্টিনেজ, লিওনেল মেসি, জর্দি আলবা ও ডেভিড রুইজ। ফিলাডেলফিয়ার হয়ে একমাত্র গোলটি করেন আলেজান্দ্রো বেদোয়া। ফিলাডেলফিয়াকে বিধ্বস্ত করা গোলে মায়ামি প্রথমবারের মতো কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগেরও টিকিট পেয়ে গেছে।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মায়ামি। বক্সের ডানদিক থেকে আক্রমণে গিয়ে দলকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ। ২০ মিনিটের মাথায় মেসির গোলে ব্যবধান দ্বিগুণ হয় মায়ামির। মাঝমাঠ থেকে বাড়ানো মার্টিনেজের বল টেনে নিয়ে গিয়ে ডি বক্সের অনেক দূর থেকে লম্বা শটে জালের ঠিকানা খুঁজে নেন মায়ামি দলপতি।
বিরতির ঠিক আগ মুহূর্তে যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধান ৩-০তে নিয়ে যান জর্ডি আলবা। ৭৩তম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে ডেভিড রুজ ফের ব্যবধান বাড়িয়ে দেন। দলকে এনে দেন ৪-১ গোলের বড় জয়।
এই জয়ে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য কনকাকাফ কাপে খেলা নিশ্চিত হলো মায়ামির। শনিবার (১৯ আগস্ট) প্রথম শিরোপার মিশনে লিগস কাপের ফাইনালে মাঠে নামবে মেসিরা।