1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

জুয়ার বিজ্ঞাপনে ছবি ব্যবহার করায় ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২০ জন দেখেছেন

বিশ্বকাপ শুরুর আগে নতুন বিতর্কে জড়িয়েছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কয়েকজন তারকা ফুটবলারের ছবি ব্যবহারের ঘটনায় ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেসহ দলের কয়েকজন খেলোয়াড়।

ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ জানিয়েছে, গত মঙ্গলবার আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে অনলাইন বেটিং প্রতিষ্ঠান বেটক্লিক একটি প্রচারণামূলক বিজ্ঞাপন প্রকাশ করে। সেখানে এমবাপ্পে, রায়ান চেরকি, মাইকেল অলিসে, উসমান দেম্বেলে ও দেজিরে দুয়ের ছবি ব্যবহার করা হয়।

ফরাসি গণমাধ্যমগুলোর দাবি, ফটোশুটের সময় খেলোয়াড়দের জানানো হয়নি যে তাঁদের ছবি জুয়াভিত্তিক কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ব্যবহার করা হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সবচেয়ে বেশি আপত্তি জানান এমবাপ্পে ও চেরকি।

ছবি ব্যবহারের অধিকার নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ফরাসি ফুটবল ফেডারেশনের বিরোধ অবশ্য নতুন নয়। ২০২২ সালেও এমবাপ্পের নেতৃত্বে একই ধরনের বিতর্ক সামনে আসে। পরে খেলোয়াড়দের আইনজীবী ও ফেডারেশনের মধ্যে নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অভিযোগ উঠেছে, সাম্প্রতিক বিজ্ঞাপনটি সেই চুক্তির শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জুয়া ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের প্রচারণার বিষয়ে এমবাপ্পে দীর্ঘদিন ধরেই সতর্ক অবস্থান নিয়ে আসছেন। অতীতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জুয়ার কারণে অনেক মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এ ধরনের প্রতিষ্ঠানের প্রচারণার সঙ্গে নিজেকে যুক্ত করতে তিনি অনাগ্রহী।

এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেনও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ফুটবলারদের অংশগ্রহণ তরুণদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে এবং খেলোয়াড়দের ব্যক্তিগত ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে।

তবে ফরাসি ফুটবল ফেডারেশনের দাবি, বিদ্যমান চুক্তির বিধান অনুসরণ করেই অন্তত পাঁচজন খেলোয়াড়কে নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।

এদিকে চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে দলের অধিনায়ক ও ফেডারেশন সভাপতির বৈঠকে সম্ভাব্য নৈতিক দ্বন্দ্বের বিষয়গুলো পর্যালোচনার কথা থাকলেও এবার সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে জানা গেছে।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

সূত্র: গোল ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )