একসময়ে করতেন অন্যের জমিতে দিনমজুরের কাজ পরে প্রতারণার সঙ্গে যুক্ত হয়ে নীলফামারির কিশোরগঞ্জের নিজ বাড়িতে বসেই অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ভিসা দেওয়ার কথা বলে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন যুবক আকাশ।
বুধবার (২৯ এপ্রিল) সকালে তার প্রতারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে অনেকে।
আকাশ নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৌদপাড়া এলাকার ফেরদৌস আলমের ছেলে।
জানা যায়, নীলফামারীতে একটি ভিসা প্রতারণা চক্র গড়ে উঠেছে। তারা বাড়িতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে বাহিরের দেশে আর্কষনীয় বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। পরে সেই ভিডিও দেখে যোগাযোগ করলে তারা ভুক্তভোগীদের জাল ভিসার কাগজপত্র দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। প্রশাসন বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করলেও মূলহোতারা থাকে ধরা ছোঁয়ার বাহিরে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশ তার বাড়ির একটি অফিস খুলে ভিডিও করছেন, সেখানে বলছে অল্প টাকায় অস্ট্রেলিয়া নিয়ে আসা হয়। তিনি একটি ভিসায় সাত মাস ধরে অস্ট্রেলিয়ায় আছেন৷ তার সঙ্গে যোগাযোগ করলে তিনি মানুষকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে পারবেন। তবে তিনি এখন বাড়িতে অবস্থান করছেন৷
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ আগে অন্যের জমিতে দিনমজুরের কাজ করতেন। পরে সে একটি প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা মূলক ভিডিও বানিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছেন।
স্থানীয়রা জানায়, আগে দিন মজুরের কাজ করলেও এখন ভিসা প্রতারণা করে কামিয়েছেন কোটি কোটি টাকা গড়েছেন বিলায় বহুল বাড়ি। মানুষের সঙ্গে এমন প্রতারণা করে বিলাসি জীবনযাপন করা যুবকের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
অভিযুক্ত আকাশের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে বাড়িতে পাওয়া যায় নি।
এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, বিষয়টি জেনেছি এটি গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।