স্পোর্টস ডেস্ক: শেষের পথে বিশ্বকাপ। আর মাত্র তিন ম্যাচ পরেই পর্দা নামবে ওয়ানডের ক্রিকেটের মর্যাদার আসরের। এবারের বিশ্বকাপ হয়েছে দশ দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। গত ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠলেও শেষ করবে কোন দুই দল সেই হিসেব নিকেষ বাকি এখনও।
এরইমধ্যে চূড়ান্ত হয়ে গেছে সেমিফাইনালের চার দল। লিগ পর্ব শেষে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড উঠেছে সেমিফাইনালে। গতবারের রানার্স-আপ দল নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলেও কপাল পুড়েছে পড়ছে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।
এখন পর্যন্ত ৮ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল ভারত। ৯ ম্যাচে সাত জয়ে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১৪। সমান ১৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া রয়েছে চার নম্বরে। শেষ দল নিউজিল্যান্ড জিতেছে ৫টি ম্যাচ।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার প্রথম দল ভারত ও চার নম্বর দল নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে । পরদিন দ্বিতীয় সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।
এই দুই ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে আগামী ১৯ নভেম্বর ফাইনালে। মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচগুলো।