স্টাফ রিপোর্টার: আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (৭ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। এ কারণে বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে।
তিনি বলেন, বিএনপির সময়ে অর্থের বিনিময়ে মন্ত্রী বানানো হত। এমনকি বিএনপির মন্ত্রীদের হাওয়া ভবনে ঠিকমতো কমিশন না দিলে তাদের দপ্তর ঠিক থাকত না। তারা আবারও অবৈধভাবে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। বিএনপির মতো দল যদি ক্ষমতায় আসে তাহলে সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে।
নসরুল হামিদ বলেন, বিএনপি এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কোনো কাজ করেনি, তারা হাওয়া ভবনের মাধ্যমে শুধু কমিশন খেতেন। কেউ যদি কমিশন দিতে অস্বীকৃতি বা অপরাগতা জানাতেন তাহলে তাদের কোনো কাজ হত না। তাদের মূল লক্ষ্য ছিল কমিশন বাণিজ্য করা।