সংবাদ পোস্ট ডেস্ক: বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেখুন, আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না। যাদের গ্রেপ্তার করা হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে। যেসব নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে আগুন সন্ত্রাসের হুকুমদাতা, হোতা ও অর্থদাতা হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, ওয়ার্ড পর্যায়ে টেলিফোন করে বিএনপি শীর্ষ নেতারা, বিশেষ করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলছেন আগুন সন্ত্রাস চালাতে। সেগুলোর তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে।
তিনি বলেন, এটি কোনো রাজনীতি নয়, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। যারা এ কাজ করছেন, এর সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে কেবল সরকার নয়, জনগণও ব্যবস্থা নেবে।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে তাতে কোনো বাধা কিংবা আপত্তি নেই। তারা এতদিন সবকিছু করেছেন। কিন্তু সমাবেশ শুরুর আগেই প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, হাসপাতালে হামলা চালিয়েছে ও পুলিশ হত্যা করেছে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, আমাদের কয়েক লাখ নেতাকর্মী দেড় কিলোমিটার দূরে ছিলেন। একজনও তাদের সমাবেশের দিকে যাননি। বিএনপিকে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট।