সংবাদ পোস্ট ডেস্ক: সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে কিছু সংবাদমাধ্যমের সামনে মিয়ান আরেফী নামে একজনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া হয়। পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তার সরকারের কাছে সুপারিশ করেছেন বলে বক্তব্য দেন মিয়ান আরেফী।
ডিবি প্রধান বলেন, এ ঘটনায় মিয়ান আরেফীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, আরেফী এসব বলতে চাননি। তাকে বাসা থেকে নিয়ে আসার সময় সারওয়ার্দী তাকে এসব কথা বলার জন্য শিখিয়ে দিয়েছিলেন। আর তাকে সহায়তা করেছেন ইশরাক ও অ্যাডভোকেট বেলাল নামে একজন।
আরেফীর এমন বক্তব্যের পর রাজধানীজুড়ে বাসে অগ্নিসংযোগসহ আরও বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটে। আজকে দুইদিন ধরে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার এই বক্তব্যের মাধ্যমে যে রাষ্ট্রদ্রোহিতার কারণে পল্টন থানায় একটি মামলা (নং-৫৬) দায়ের করা হয়েছে। আমরা এ মামলার দুই নম্বর আসামি সারওয়ার্দীকে গ্রেপ্তার করেছি।
তিনি বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনে তাকে রিমান্ডে আনব। রিমান্ডে এনে তারা কী ষড়যন্ত্র করেছিলেন জানার চেষ্টা করব। তারা মিয়ান আরেফীকে বিএনপি কার্যালয়ে এনে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, পুলিশ-আনসার-র্যাব বিরুদ্ধে মিথ্যাচার করে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন, সবকিছু আমরা জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানাব।