স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেই ছুঁয়ে ফেললেন অনন্য মাইলফলক। দেশের হয়ে ১০০ ওয়ানডে খেলা চতুর্থ ক্রিকেটার হয়েছেন ২৫ বছর বয়সী রশিদ।
সোমবার পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ক্যারিয়ারে শততম ওয়ানডে ম্যাচে খেলতে নামলেন আফগানিস্তানের এই তারকা স্পিনার-অলরাউন্ডার। ম্যাচ শুরুর আগে রশিদের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয়।
২০১৫ সালে ওয়ানডে অভিষেক হওয়া রশিদ জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে খুব বেশি সময় নেননি। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল রশিদের। তার অভিষেকের পরই আফগান ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে নতুন উচ্চতায় পৌঁছায়।
রশিদ অবশ্য একা নন, আফগানিস্তানের হয়ে এর আগে একশটি ওয়ানডে খেলার মাইলফলক ছুঁয়েছেন রহমত শাহ (১০৩), মোহাম্মদ নবী (১৫৩) এবং আসগর আফগান (১১৪)।
এখন পর্যন্ত ১৭৮ উইকেট নিয়ে আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি রশিদ। এরপর রয়েছেন মোহাম্মদ নবী (১৫৭) এবং দৌলত জাদরান (১১৫)।
রশিদ যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছিলেন, তখন আফগানিস্তানকে ছোট দল হিসেবে ধরা হলেও চলতি বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তানকে হারিয়ে চমকে দেয় তারা।