নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য পটুয়াখালী-১ ( সদর-মির্জাগঞ্জ- দুমকি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকাস্থ ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ের দপ্তরে আসনটির উপনির্বাচনে নৌকার প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগের ৯ জন সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
দপ্তর সূত্রে জানা গেছে, উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী ৯ জন প্রার্থী হলেন পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা মো.খলিলুর রহমান মোহন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সুলতান আহম্মেদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বদরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ হাওলাদার, সদ্য প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার মেজ ছেলে অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান মনির ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাক মো. রাজিব পারভেজ।
গত ২১ অক্টোবর শনিবার পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় এ আসটি শূন্য হয়।
তিন উপজেলা নিয়ে পটুয়াখালী-১ আসনটিতে তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটারসহ সর্বমোট ৪ লাখ ৭৩ হাজার ২৫৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে মহিলা ভোটার ২,৩৮,৪৬০ ও পুরুষ ভোটার ২,৩৪,৭৮৮ জন।