স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মাঝপথে দলকে কলকাতার রেখে ঢাকা ফিরেছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর টানা চারটি ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার উপক্রম বাংলাদেশের। এরমধ্যে সাকিব আল হাসান নিজেকে খুঁজছেন হারিয়ে।
তাই তো ঢাকা ফিরে শৈশবের কোচ ও মেন্টর নাজমুল আবেদীন ফাহিমের শরণাপন্ন হয়েছেন সাকিব। বুধবার ঢাকা ফিরেই বেশ লম্বা সময় ধরে মিরপুরের ইনডোরে অনুশীলন করেছিলেন তিনি।
আজ দ্বিতীয় দিনের মতো মিরপুরের ইনডোরে অনুশীলন করেন তিনি। প্রথমে একাই ফিটনেস ট্রেনিং সারেন। এরপর প্রায় তিন ঘণ্টা ধরে কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করছেন।
ইনডোরে লম্বা সময় ধরে একই শট খেলার চেষ্টা করতে দেখা যায় দেশসেরা অল-রাউন্ডারকে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে যে শট খেলে আউট হয়েছিলেন সেটাই বারবার চেষ্টা করছিলেন।
প্রোটিয়াদের বিপক্ষে সেই ম্যাচে কাট ও ড্রাইভের মাঝামাঝি একটা শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। আউট হবার পর বেশ হতাশ হতে দেখা গিয়েছিল সাকিবকে।
এরপর দুপুর ১২ টার একটু পরে মিরপুর ইনডোর থেকে বেরিয়ে যান সাকিব আল হাসান। সে সময় উৎসুক জনতা দুয়োধ্বনিতে মেতে ওঠেন। সাকিবকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনিতে মেতে ওঠেন তারা।