আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি-জামায়াতের কোনো অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি কোনোদিন সফল হয়নি, আর হবেনও না। তাই শান্তিপূর্ণ সমাবেশ করে বাড়ি ফিরে যান।
বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, সমাবেশের পর বিএনপি যদি কোনো নৈরাজ্য করতে চায়, তাহলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। এবার আর তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।