নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান এডমিরাল হিসেবে পদোন্নতি পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রোববার গণভবনে ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান নৌবাহিনী প্রধানকে এডমিরাল র্যাংক ব্যাচ পরিয়ে দেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।
নাজমুল হাসান চলতি বছরের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আইএসপিআর জানায়, ১৯৮৬ সালের ১ জুলাই তিনি নৌবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব সামলেছেন তিনি।