বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বিএনপির নির্বাচনে আসা নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘বিশ্বাস করি বিএনপি নির্বাচনে আসবে। যদি না আসে আস্তাকুরে নিক্ষিপ্ত হবে’।
বুধবার (১৭ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজৈর উপজেলা পরিষদ আয়োজিত গণভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে তারা বলেছে আমরা (বিএনপি) নির্বাচন করবো না। তারা (বিএনপি) বলছে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। এ যেন মামা বাড়ির অবদার। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় অধিষ্ঠিত করে নাই। বাংলাদেশের জনগণ যদি শেখ হাসিনাকে সরিয়ে দিতে চায়, তাহালে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না।
তিনি আরও বলেন, তারা (বিএনপি) বিদেশীদের ওপর ভরসা করে আন্দোলনে নেমেছে। বিদেশীদের কেউকি বলেছে, আপনারা কেয়ারটেকার সরকার করেন। কেউই তো এ কথা বলেনি। বরং বলেছেন, সংবিধান অনুযায়ী সুষ্ঠু অবাধ-নিরপেক্ষ নির্বাচন করতে হবে।এ সময় রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি আফম ফুয়াদ, রাজৈর আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, সাবেক জেলা পরিষদ সদস্য নুরজাহান পারুলসহ অনেকে।