নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে চলছে মেয়েদের ফুটবল বিশ্বকাপ। আসর শুরুর দিনে উদ্বোধনী ম্যাচের কয়েকঘণ্টা আগে নিউজিল্যান্ড সরকার জানিয়েছিল, বন্দুকধারীদের গুলিতে অকল্যান্ডে তিনজন নিহত হয়েছেন। সেই দুর্ঘটনার রেশ না কাটতেই এবার স্বাগতিক কিউইদের টিম হোটেল পড়ল অগ্নিকাণ্ডের কবলে।
স্থানীয় গণমাধ্যমে খবর, অকল্যান্ডে কিউইদের হোটেলে বেশ কয়েকটি ছোট অগ্নিকাণ্ডের পর শনিবার তাদের দলকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। ঘটনায় নিউজিল্যান্ডের পুলিশ ৩৪ বর্ষী এক ব্যক্তির বিরুদ্ধে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ এনে আটক করেছে।
স্থানীয় সময় পৌনে ৮টার দিকে অকল্যান্ড শহরের পুলম্যান হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। যদিও সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ। সেখান থেকে সাময়িকভাবে পাশের হোটেলে আশ্রয় নিতে হয়েছিল স্বাগতিক নারী দলকে।
নিউজিল্যান্ডের ডিফেন্ডার সিজে বট বলেছেন, ‘খেলোয়াড়রা নিরাপদে সরে এসেছিল। তবে জায়গাটি কিছুটা ধোঁয়াটে ছিল। আমরা এখন পুরোপুরি ভালোভাবে ভবন থেকে বেরিয়ে এসেছি।’
ঘটনার প্রভাব খেলোয়াড়দের মধ্যে পড়েনি বলেও জানিয়েছেন নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল। বলেছেন, ‘সকল খেলোয়াড় ও কর্মকর্তারা ঠিক আছে। তারা আজ ভালোভাবেই অনুশীলন সেরেছে। এতে খেলোয়াড়দের উপর কোনো প্রভাব পড়েনি।’
বিশ্বকাপ শুরুর সময় বন্দুকধারীদের গুলিতে নিহতদের ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেছিলেন প্র্যাগনেল। এবারও আগুনের ঘটনাটিকে একই হিসেবে অবহিত করেছেন।
দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ফিলিপিন্সের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ১-০তে জয়ে কিছুটা মানসিকভাবে এগিয়ে আছে স্বাগতিক দল।