বাগেরহাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আবদার শেখের বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় দুই শিশু। তারা নানা আবদার শেখের বাড়িতে বেড়াতে এসেছিল।
নিহত দুই শিশু হলো- বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আফছা (৪) ও চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের মিরাজ শেখের সাড়ে তিন বছর বয়সী মেয়ে মইমুনা। দুইজন সম্পর্কে খালাতো বোন।
শিশুদের নানা আবদার শেখ বলেন, নাতনি মইমুনা বেশ কিছুদিন ধরে আমার বাড়ি থাকতো। তিন দিন আগে আফছা বেড়াতে আসে। দুই বোন বাড়ির সামনে দোকানের দিকে যায়। আধাঘণ্টা পরেও ফিরে না আসায় তাদের খোঁজা শুরু হয়। একপর্যায়ে পুকুর পাড়ে জুতা দেখে পুকুরে তল্লাশি চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিবারিকভাবে শিশুদের দাফন হয়েছে।