দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, সব নাগরিকের। সুতরাং কোনো নাগরিক যেন অন্যের প্ররোচনায় বিপথগামী না হয়। বিপথগামী হলে দেশের এ উন্নয়নটা ব্যাহত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২৯ জুন) সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঈদের দিনে সবাইকে আহ্বান করবো, আপনারা কান-চোখ খোলা রাখবেন। বাংলাদেশের জনগণ সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং তারা যথেষ্ট সজ্ঞান। তারা জানে এবং বোঝে কখন কী করতে হবে। দেশের জনগণের ওপর আমার বিশ্বাস আছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কেউ কেউ হয়তো বিপথগামী হতে পারে, বৃহত্তর জনগণ কখনো বিপথগামী হবে না। এর আগে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্যরা, শীর্ষ রাজনৈতিক, জনপ্রতিনিধিসহ লাখো সাধারণ মুসল্লিরা ঈদ জামাতে অংশ নেন।