বিনোদন ডেস্ক: নিজ ঘরেই ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে জনপ্রিয় মালায়লাম অভিনেত্রী রেনজুসা মেননের। নাটক ও সিনেমায় পরিচিত মুখ ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী আত্মহত্যা করেছেন।
এখন এই অভিনেত্রীর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় করা তার শেষ পোস্ট ভাইরাল হয়েছে। হতাশা নিয়ে ওই পোস্ট করেছিলেন তিনি।
১৬ অক্টোবর করা ওই ফেসবুক পোস্টে জিলিয়ান মেডফের একটি লেখার উদ্ধৃতি করেন রেনজুসা। ওই পোস্টে লেখা ছিল, ঘুম আমার একমাত্র শান্তি, কিন্তু আমি দুঃখিত নই, না রাগান্বিত, আমি একা নই, আমি কিছুই না।
এই পোস্টে ক্যাপশনে রেনজুসা লেখেন, শুভরাত্রি প্রিয়রা। কিন্তু মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে আনন্দ রাগমের সঙ্গে নিজের একটি উচ্ছ্বাসে ভরা ভিডিও শেয়ার করেছিলেন রেনজুসা।
কোচির বাসিন্দার রেনজুসা মেনন একটি টিভি চ্যানেলের উপস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে ‘ছত্রী’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন।
পরে তিনি ‘নিজালাত্তাম’, ‘মাগালুদ আম্মা’, ‘বালামনি’র মতো বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়া ‘সিটি অব গড’ এবং ‘মেরিক্কুন্দুরু কুনজাদু’ সিনেমায়ও দেখা গিয়েছিল রেনজুসাকে।